ফিফা আসিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের শেষটাও হলো বড় হারে। প্রথম দুই ম্যাচে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে হামজা চৌধুরীর দল। বাংলাদেশের হয়ে গোল করেছেন শাহরিয়ার ইমন ও ফারহান আলি ওয়াহিদ।
ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় ইন্দোনেশিয়া। ওলে রোমেনির পাস থেকে গোল করেন মিচেল বাকের। ২০ মিনিটে রাগনার অরাতমাঙ্গুনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৩২ মিনিটে রিজকি রিধোর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
৩৬ মিনিটে শুকি ইতোফুসার ক্রস থেকে হেডে বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন শাহরিয়ার ইমন। তবে পরের মিনিটেই নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-১ করেন মিচেল বাকের। ৪৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে জাস্টিন হাবনারের গোলে ৬-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্দোনেশিয়া।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আর কোনো গোল হজম না করে দীর্ঘ সময় কাটালেও ম্যাচের শেষ দিকে আবারও পিছিয়ে পড়ে। ৯০ মিনিটে লুকে ভিকেরির গোলে ব্যবধান ৭-১ করে ইন্দোনেশিয়া। এরপর বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফারহান আলি ওয়াহিদ।
ইনজুরি সময়ে আরও দুটি গোল করে ৯-২ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এর আগে ২০২৩ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯ গোল হজম করে বড় ব্যবধানে হারল হামজা চৌধুরীর দল। বাংলাদেশের বিপক্ষে এর আগে ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়া ও ১৯৮২ সালে ইরান ৯টি করে গোল করেছিল।
এসএস




Comments