রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত করার পর ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানার বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। এতে সোহাগ (৪৫) নামে এক ব্যক্তি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রাতে সাইমনের সঙ্গে সোহাগের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করা হলে তিনি রক্তাক্ত আহত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর স্থানীয়রা সাইমনসহ চারজনকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে বলে জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়রা সাইমনের ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।
আহত সোহাগের অভিযোগ, সাইমন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
এসএস




Comments