দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জিম ক্যারি। ৬৪ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে মিন আহর বয়সের ব্যবধান ৩২ বছর।
লস অ্যাঞ্জেলেসে ছোট পরিসরের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) জিম ক্যারির এক মুখপাত্র বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, ঘরোয়া আয়োজনেই বিয়ে করেছেন জিম ক্যারি ও মিন আহ। তবে বিয়ের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জানা গেছে, ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন এই জুটি। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছেন তারা।
চলতি বছরের শুরুতে ফ্রান্সে অনুষ্ঠিত সেজার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবারের মতো তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। সেখানে জিম ক্যারি মিন আহকে তার ‘সঙ্গী’ হিসেবে পরিচয় করিয়ে দেন।
এর আগে জিম ক্যারি দুবার বিয়ে করেছিলেন। ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে এক মেয়ের জন্ম হয়। ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়। পরের বছর ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমার সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন ক্যারি। তবে এক বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।
এ ছাড়া জেনি ম্যাকার্থি, রেনে জেলওয়েগার, লিন্ডা রনস্টাড ও জানুয়ারি জোনসের সঙ্গে সম্পর্কে ছিলেন জিম ক্যারি।
অভিনয়ের পাশাপাশি স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবেও ক্যারিয়ার শুরু করেন তিনি। ‘ইন লিভিং কালার’ টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা পান। পরে ‘এস ভেনচুরা: পেট ডিটেকটিভ’, ‘দ্য মাস্ক’ ও ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন।
‘দ্য ট্রুম্যান শো’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’ ও ‘ম্যান অন দ্য মুন’ সিনেমায় অভিনয়ের জন্যও প্রশংসিত হন তিনি। ‘দ্য ট্রুম্যান শো’ ও ‘ম্যান অন দ্য মুন’ সিনেমার জন্য দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি ফ্রান্সের ৫১তম সেজার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জিম ক্যারিকে সম্মানসূচক পুরস্কার দেওয়া হয়।
এসএস




Comments