Image description

নারী ও শিশুদের নিরাপত্তা বাড়াতে ভারতের রাজধানী দিল্লিতে বিশেষ ‘পিংক ফোর্স’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুলিশ সদস্যদের নিয়ে এই বাহিনী গঠন করা হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারানজিত সিং সাধু দিল্লি পুলিশকে এ বাহিনী গঠনের নির্দেশ দেন।

নতুন এই বাহিনীর সদস্যরা স্কুল, কলেজ, মেট্রো স্টেশন, বাজারসহ ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় টহল দেবেন। বিশেষ করে সংবেদনশীল সময়ে এসব এলাকায় নারী পুলিশ সদস্যদের মোতায়েন করা হবে। কোনো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়াও হবে তাদের অন্যতম দায়িত্ব।

সম্প্রতি দিল্লিতে প্রায় ১০ দিনের মধ্যে নাবালিকাদের ধর্ষণ ও যৌন নিপীড়নের চারটি পৃথক ঘটনা সামনে আসে। এরপর নারীদের নিরাপত্তা জোরদারে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দিল্লির এই ‘পিংক ফোর্স’ গোয়া পুলিশের একই নামের বাহিনীর আদলে গঠন করা হবে। গোয়ার পিংক ফোর্স নারী ও শিশুদের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করে।

তবে দিল্লি পুলিশ এর আগেও নারী পুলিশ সদস্যদের স্কুটি ও বিট পেট্রোলিংয়ে নিয়োজিত করেছে। স্কুল, কলেজ, বাজার, মেট্রো স্টেশন ও জনবহুল এলাকায় এসব টহল চালানো হচ্ছে। নতুন বাহিনীর মাধ্যমে এই কার্যক্রমকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনা হবে।

এ ছাড়া প্রকাশ্য স্থানে নারীদের উত্ত্যক্ত করা বন্ধে ‘অপারেশন শিষ্টাচার’-এর আওতায় অভিযান চালানোর নির্দেশও রয়েছে। নতুন ‘পিংক ফোর্স’ এসব কার্যক্রমের পাশাপাশি কাজ করবে।

এসএস