Image description

মাগুরার শালিখা উপজেলার বুনাগাতীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন দাবি-দাওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশীয় সংস্কৃতি এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়নের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় বুনাগাতী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

কলেজ জাতীয়করণের উদ্যোগের আশ্বাস

সংবর্ধনার জবাবে নিতাই রায় চৌধুরী বুনাগাতী ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবির বিষয়ে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। প্রয়োজনে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে ডিও লেটার দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ছাড়া বুনাগাতী বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষকের এমপিওভুক্তির বিষয়ে উদ্যোগ এবং কারিগরি বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

‘নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে’

দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে নিতাই রায় চৌধুরী আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে গণতান্ত্রিক অগ্রযাত্রা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান

আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষকে নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি জানান, হিন্দু কল্যাণ ট্রাস্টের চাহিদার পরিপ্রেক্ষিতে দুর্গাপূজার অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গাপূজার ছুটি এক দিন বাড়িয়ে পাঁচ দিন করার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন বলেও জানান মন্ত্রী। এ বছর গত বছরের তুলনায় বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

‘অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতিই হাতিয়ার’

সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ও দেশীয় সংস্কৃতিচর্চাকে কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি নৌকাবাইচ, কাবাডিসহ দেশীয় খেলাধুলার আয়োজন বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বুনাগাতী ইউনিয়নের পাঁচটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হাসান চৌধুরী। সভাপতিত্ব করেন বুনাগাতী ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস।

এ সময় শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট এবং শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসএ