দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই নিশ্চিত হামে ১ জন এবং হামের উপসর্গে ৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১১৪ জনে।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত আপডেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে সারাদেশে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পরিলক্ষিত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের দেহে হামের উপসর্গ দেখা দিয়েছে, যার মধ্যে পরীক্ষার মাধ্যমে ২১ হাজার ৬২৩ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। চিকিৎসাসেবা শেষে তাঁদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকরা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার এবং শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন।
ডিআর




Comments