মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের বগিগুলো উদ্ধারের পর এই রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ (৭২০) ট্রেনের হুক ছিঁড়ে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় ইঞ্জিন ও সামনের বগিগুলো এগিয়ে গেলেও ৯টি বগি বনের মাগুরছড়া অংশে আটকা পড়ে। খবর পেয়ে শ্রীমঙ্গল থেকে উদ্ধারকারী দল ও প্রকৌশলীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় সংযোগ হুক লাগানোর কাজ সম্পন্ন করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, বগি বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়ে ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে এনে মেরামত কাজ চালানো হয়। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কাজ শেষ হলে পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়। শ্রীমঙ্গল স্টেশনে ট্রেনটির অবশিষ্ট কিছু কারিগরি কাজ সম্পন্ন করা হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, লাউয়াছড়ায় বগি আটকে থাকার কারণে সাময়িকভাবে ভানুগাছ স্টেশনে ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ এবং শ্রীমঙ্গলে সিলেটগামী অপর একটি ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেন আটকা পড়েছিল। দীর্ঘ সময় ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়। মেরামত শেষে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।
ডিআর




Comments