Image description

নিজের হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) বিমানবন্দর থানার মামলায় আদালতে তোলার সময় তিনি বলেন, “আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।”

আদালতে নেওয়ার সময় প্রিজনভ্যানের ভেতর থেকে পুলিশকে আঙুল তুলে শাসাতে দেখা যায় তাকে। একপর্যায়ে তিনি মাথা থেকে হেলমেট ছুড়ে ফেলে দেন। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে আখতারুজ্জামান বলেন, “আমি বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি। জুলুম-নির্যাতন করে আমাদের থামানো যাবে না। জামায়াত জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে।”

তিনি আরও বলেন, “ভাইয়েরা, জনগণের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জনগণের জন্য লড়ব ইনশাআল্লাহ।”

এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা আখতারুজ্জামানকে শুক্রবার (২ অক্টোবর) সোয়া ৭টার দিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, ডিবির হস্তান্তরের পর মামলাটিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় ডিবি প্রধান শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অতিরিক্ত যাত্রীচাপের কারণে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের ‘BG-338’ ফ্লাইটের লাগেজ পেতে বিলম্ব হলে যাত্রীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তাকে গালাগাল, ঘাড় ধাক্কা দেওয়া ও মারধরের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া তিনি বিমানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করেন এবং সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলাসহ বিমান প্রতিনিধিকে লাঞ্ছিত করেন বলেও দাবি করা হয়।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা সংরক্ষিত এলাকার ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে একাধিকবার বহিষ্কৃত হওয়ার পর সর্বশেষ ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

ডিআর