Image description

ডেঙ্গু রোগের ভয়াবহ বিস্তার রোধ ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় যশোরের শার্শাতেও ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ পালন করা হয়েছে। এ উপলক্ষে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা ইউনিট, উপজেলা স্কাউটস এবং গার্লস গাইডের সদস্যদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। সভায় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বেনাপোল পৌরসভার স্বাস্থ্য সহকারী মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মতবিনিময় পর্ব শেষে উপস্থিত স্কাউটস ও গার্লস গাইডের তরুণ সদস্যদের ডেঙ্গু প্রতিরোধ, মশার লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতা অভিযানের মাঠপর্যায়ের কৌশল বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সকাল ১১টায় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে আনুষ্ঠানিক ডেঙ্গু বিরোধী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নর্দমা ও ড্রেন পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার বংশবৃদ্ধি ও প্রজননস্থল ধ্বংসের কাজ চালানো হয়। এতে অংশ নেন রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা ইউনিটের স্বেচ্ছাসেবকরা।

বিশেষজ্ঞরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগই যথেষ্ট নয়, নাগরিকদের নিজস্ব সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অতীব জরুরি। নিজ নিজ আঙিনা ও বাসাবাড়ির চারপাশে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

ডিআর