পাকুন্দিয়ায় পরিত্যক্ত পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসদরের আনোয়ারখালী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
মৃত দুই শিশু হলো—আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের দুই বছরের মেয়ে নুসাইবা এবং তাঁর বোন মরিয়মের তিন বছরের মেয়ে আদিবা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু নুসাইবা ও আদিবা এক সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে স্বজনদের অজান্তে তারা পাশের একটি অনিরাপদ পরিত্যক্ত পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকন্যাকেই মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহিদ। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।
ডিআর




Comments