Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরিদর্শনকালে সাধারণ জনগণের সন্তানদের জন্য টিউশন ফি কমানোসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন তিনি।

রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত বিশেষায়িত এই স্কুলটি পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী।

পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, "প্রতিষ্ঠানটির টিউশন ফি ও পরিচালনা খরচ অত্যন্ত ব্যয়বহুল। প্রধানমন্ত্রী আমাকে স্কুলটি সরেজমিনে পরিদর্শন করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুযোগ-সুবিধা কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সাধারণ মানুষের সন্তানদের ভর্তি প্রক্রিয়া সহজ করা যায় এবং সর্বোপরি পড়ার খরচ কমানো যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।"

অটিস্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার কাঠামোগত ব্যয় সম্পর্কে আলোকপাত করে তিনি বলেন, অটিস্টিক শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয় বলে একজন শিক্ষক সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীকে পরিচালনা করতে পারেন। ক্ষেত্রবিশেষে এক বা একাধিক ক্লাসে একজন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষকও নিযুক্ত রয়েছেন। ফলে পুরো শিক্ষা ব্যবস্থাপনাটি বেশ ব্যয়বহুল হয়ে পড়ে। কীভাবে এই সার্বিক পরিচালন ব্যয় কমিয়ে সাধারণ পরিবারের নাগালের মধ্যে আনা যায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দেন তিনি।

এ ছাড়া বিশেষায়িত শিশুদের সুশিক্ষায় শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণ দিয়ে কীভাবে এ কার্যক্রমে যুক্ত করা যায়, সে বিষয়ে ভবিষ্যতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের কথা জানান মন্ত্রী। পাশাপাশি সরকারিভাবে এ ধরনের স্কুলে আর্থিক ও অবকাঠামোগত সহায়তা প্রদানের ওপর জোর দেন তিনি। এর মাধ্যমে বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও অটিজমের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

পরিদর্শনকালে স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ার হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডোর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআর