Image description

জাতীয় দল ব্রাজিলের জার্সিতে খেলতে নামলেই চোটে পড়েন রাফিনিয়া—বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডকে নিয়ে সেদেশের ফুটবল সমর্থকদের অভিযোগ বহু পুরোনো। বিশ্বকাপের পর সর্বশেষ অস্ট্রেলিয়া সফরেও ঊরুর চোটে পড়েন তিনি। সে কারণে জাতীয় দলের সফরসঙ্গী হয়ে ভারতে না গিয়ে বার্সেলোনায় ফেরার সিদ্ধান্ত নেন এই ফরোয়ার্ড।

তবে আসল আলোচনার সূত্রপাত ঘটে এর পরেই। ব্রাজিল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বার্সেলোনায় নামতেই নাকি চিকিৎসকদের পরীক্ষায় সম্পূর্ণ সুস্থ ও ফিট ধরা পড়েছেন রাফিনিয়া! ব্যস, ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে হাস্যরসের ঝড় ও ব্রাজিল সমর্থকদের তীব্র ক্ষোভ।

জাতীয় দলের হয়ে খেলতে গেলেই ইনজুরি, অথচ ক্লাবে ফিরলেই ফিট—বিষয়টি কি নিছকই কাকতালীয়, নাকি অন্য কিছু—তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভক্তরা। অনেকে রসিকতা করে মন্তব্য করেছেন, রাফিনিয়ার শরীরে বোধহয় আলাদা একটি ‘বার্সেলোনা মোড’ সক্রিয় রয়েছে!

জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁকে না পাওয়ায় সমর্থকদের হতাশা থাকাটাই স্বাভাবিক। তবে জাতীয় দলের সঙ্গে রাফিনিয়া কোনো ধরনের প্রতারণা বা বেঈমানি করেছেন—এমন কোনো প্রমাণ মিলেনি।

তবুও ফুটবল সমর্থকদের আবেগের জায়গায় এমন দ্রুত ফিট হওয়ার খবর আলোচনার খোরাক যুগিয়েছে। সামাজিক মাধ্যমে এক সমর্থক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, "ব্রাজিলে চোটের রিপোর্ট, আর বার্সায় ফিরেই ফিটনেস রিপোর্ট—এটা ফুটবল নাকি কোনো যাদুবিদ্যা?"

গত শুক্রবার বার্সেলোনার মেডিকেল টিম রাফিনিয়ার ঊরুর স্ক্যান রিপোর্ট পর্যালোচনার পর জানিয়েছে, তাঁর চোট মোটেও গুরুতর কিছু নয়। কেবল পেশি সামান্য ফুলে গিয়েছিল। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ অক্টোবর হেতাফের বিপক্ষে লা লিগার পরবর্তী ম্যাচেই তাকে মাঠে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ডিআর