Image description

মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্মাণকাজ করার সময় পাইপের আঘাতে ওয়াজেদ (১৯) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ জামালপুর জেলার ইসলামপুর থানার মাসবাড়ি সরদারপাড়া এলাকার গেন্দা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ পাইকসা এলাকায় ফরহাদ হোসেনের বাড়িতে নির্মাণকাজ চলাকালে অসাবধানতাবশত একটি পাইপ ওয়াজেদের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে দুর্ঘটনার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এসএ