দুর্নীতি সঙ্গে জড়িত থাকলে ওই সাব-রেজিস্ট্রারকে ঢাকায় রাখা হবে না: আইনমন্ত্রী
রেজিস্ট্রেশন বিভাগে অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে ঐতিহাসিক উদ্যোগ হিসেবে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি শুরু করেছে সরকার। কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে ঢাকায় পদায়ন দেওয়া হবে না বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সচিবালয়ে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত পদের জন্য লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা জানান।
মন্ত্রী স্বীকার করেন, সাব-রেজিস্ট্রার পদে বদলি ও পদায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের নেতিবাচক পারসেপশন রয়েছে। তিনি বলেন, "রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে আমাদের কোথাও না কোথাও থেকে সংস্কারের এই শুরুটা করতে হতো, যার ধারাবাহিকতায় আজ লটারির মাধ্যমে নিরপেক্ষ বদলি কার্যক্রম শুরু হলো।"
ঢাকায় বদলিকে প্রশাসনিক ভাষায় ‘প্রাইস পোস্টিং’ বলা হয়ে থাকে জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, সাধারণ ধারণা হলো যাদের ঢাকায় পদায়ন দেওয়া হয়, তারাই বুঝি সবচেয়ে প্রভাবশালী। সেই ধারণা ভেঙে স্বচ্ছতা নিশ্চিত করতেই ‘প্রাইস পোস্টিং’-এর ক্ষেত্র থেকে প্রথম লটারি অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে ‘এ’ ক্যাটাগরির ১৩১টি সাব-রেজিস্ট্রার পদের অধীনে ঢাকার পদগুলো অন্তর্ভুক্ত। প্রথম দফায় লটারির মাধ্যমে ঢাকার জন্য ১৮ জন সাব-রেজিস্ট্রারকে নির্বাচন করা হয়েছে, যাদের সাক্ষাৎকার গ্রহণের পর আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত পদায়ন দেওয়া হবে।
দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি আইনমন্ত্রী জানান, বদলির এই প্রক্রিয়াকরণ ও কার্যক্রম ২৪ ঘণ্টা মনিটরিংয়ের আওতায় রাখা হবে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অপরাধী সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তবে ভিত্তিহীন অভিযোগে কাউকে হয়রানি করা হবে না।
অনুষ্ঠানে সাব-রেজিস্ট্রারদের সংগঠনের পক্ষ থেকে কতিপয় নামধারী ব্যক্তির বিরুদ্ধে রিপোর্ট প্রকাশের ভয় দেখিয়ে মাসোহারা দাবি করার অভিযোগ তোলা হলে, মন্ত্রী সুনির্দিষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানান এবং অনিয়ম রুখতে সবার মানসিকতা পরিবর্তনের তাগিদ দেন। বর্তমানে সারা দেশে ৩৭২ জন কর্মরত সাব-রেজিস্ট্রারের বিপরীতে ১৩৯টি পদ খালি রয়েছে বলে জানা গেছে।
ডিআর




Comments