রায়গঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় প্রশাসনের বিশেষ নজর
সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অব্দুল খালেক পাটোয়ারী। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রৌশন কবির, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, রিপোটার্স ইউনিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন সরকার, সাধারণ সম্পাদক রনজিত কুমার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাম সরকার বিপ্লব, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ ও সহসভাপতি সঞ্জয় চন্দ্র।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজার সময় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা থেকে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
ডিআর




Comments