সংগীতশিল্পী তাসরিফ খানের কনসার্টের ভিডিও ফুটেজের সঙ্গে এআই-সংশ্লেষিত কণ্ঠ যুক্ত করে ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামে একটি অডিও-ভিজ্যুয়াল তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তার অনুমতি বা সম্পৃক্ততা ছাড়াই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাসরিফের। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) তাসরিফ খান বলেন, তাকে হয়রানি ও বিভ্রান্ত করার উদ্দেশ্যেই অডিও-ভিজ্যুয়ালটি তৈরি করা হয়েছে। তিনি জানান, সম্ভবত আজ বা আগামীকাল একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
ভাইরাল হওয়া গানটি এআই দিয়ে তৈরি বলেই প্রায় নিশ্চিত তাসরিফ। তিনি বলেন, ‘আমি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত যে গানটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি কারও প্রকৃত কম্পোজিশন হতে পারে না।’
তাসরিফের দাবি, তার কনসার্টের ভিডিও ফুটেজ ব্যবহার করে এআই দিয়ে গানটি তৈরি করা হয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে।
রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ
ভিডিওটির পেছনে বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করছেন তাসরিফ। তার দাবি, ভিডিওটিতে সরকারকে নিয়ে মানহানিকর মন্তব্যের সঙ্গে তার ছবি ও কনসার্টের ফুটেজ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সরকার ও তাকে একই সঙ্গে বিতর্কের মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে বলে মনে করেন তিনি।
তাসরিফ বলেন, ‘মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে। এতে সরকারকে হেয় করা হচ্ছে, আবার আমার ছবি ব্যবহার করে আমাকেও এর সঙ্গে জড়ানো হচ্ছে।’
শতাধিক পেজে ছড়িয়ে পড়েছে
প্রথমদিকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজে ভিডিওটি পুনরায় আপলোড করা হয়েছে বলে জানান তাসরিফ।
তার ভাষ্য, ভিডিওটি সরিয়ে নেওয়ার জন্য প্রচলিত কনটেন্ট রিপোর্টিং ব্যবস্থার ওপর নির্ভর করার চেষ্টা করেছিলেন। কিন্তু বিপুলসংখ্যক পেজে ছড়িয়ে পড়ায় সেই ব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে না।
এ অবস্থায় ভিডিওটির প্রচার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তাসরিফ। এ কারণে শিগগির সাধারণ ডায়েরি করার পাশাপাশি বিষয়টি আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন এই সংগীতশিল্পী।
এনএ




Comments