ইংল্যান্ডে ৫০ বছরের কম বয়সিদের মধ্যে অন্তত সাত ধরনের ক্যানসারের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে বলে নতুন এক গবেষণায় প্রকাশিত হয়েছে। বিশ্ব ক্যানসার গবেষণা তহবিলের (ডব্লিউসিআরএফ) সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, মূলত অস্বাস্থ্যকর জীবনযাপন ও অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে প্রতি বছর হাজার হাজার তরুণ-যুবকের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ছে।
গবেষণার উপাত্ত অনুযায়ী, ২০০১ সালের পর থেকে ইংল্যান্ডে ৫০ বছরের কম বয়সিদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের হার প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি অন্ত্র, কিডনি ও জরায়ুর ক্যানসারে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে গেছে।
২০০১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সংগৃহীত তথ্য বিশ্লেষণে জানা যায়, প্রতি এক লাখ তরুণের মধ্যে প্রোস্টেট ক্যানসারে আক্রান্তের সংখ্যা ১ থেকে বেড়ে ৩.৬-এ এবং অন্ত্রের ক্যানসারে আক্রান্তের সংখ্যা ৩.৯ থেকে বেড়ে ৮.৪-এ উন্নীত হয়েছে। একই সময়ে স্তন, অগ্ন্যাশয় এবং যকৃতের ক্যানসারের হারও ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে।
শুধু ইংল্যান্ডেই নয়, আমেরিকা ও নেদারল্যান্ডসের স্বাস্থ্যবিষয়ক তথ্যেও একই ধরনের উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রে তরুণদের কিডনি, অন্ত্র, জরায়ু ও অগ্ন্যাশয়ের ক্যানসার উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে নেদারল্যান্ডসে জরায়ুমুখ (সারভিক্যাল), কিডনি, যকৃৎ ও অন্ত্রের ক্যানসারে আক্রান্ত তরুণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে চিকিৎসাবিজ্ঞানীদের মতে আশার কথা হলো, ধূমপান কমে যাওয়ার কারণে এই তিন দেশেই তরুণদের ফুসফুসের ক্যানসারের হার কিছুটা নিম্নমুখী।
বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের মধ্যে ক্যানসারের এই জ্যামিতিক বৃদ্ধির পেছনে মূল নিয়ামক হিসেবে কাজ করছে বিশ্বজুড়ে স্থূলতা বা অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রম ও ব্যায়ামের অভাব, অতিরিক্ত মদ্যপান এবং পরিবেশগত বিষাক্ত দূষণ (যেমন প্লাস্টিক ও বায়ুদূষণ)।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রায় ৪০ শতাংশ ক্যানসার প্রতিরোধযোগ্য বা নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তবে বর্তমানে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় অনেকে লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, যার ফলে রোগটি প্রাথমিক পর্যায় শনাক্ত করা সম্ভব হচ্ছে।
যুক্তরাজ্যের কুইন্স বিশ্ববিদ্যালয় বেলফাস্টের প্রখ্যাত অধ্যাপক মার্ক ললার পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে এই সংকটকে একটি ‘টিকটিক করতে থাকা টাইমবোমা’ হিসেবে অভিহিত করেন এবং অবিলম্বে বৈশ্বিক কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পরিস্থিতি মোকাবিলায় ও নিরাময় অনুসন্ধানে ৫০ বছরের কম বয়সিদের মধ্যে অন্ত্রের ক্যানসার বৃদ্ধির মূল কারণ উদঘাটনে ইতোমধ্যেই আড়াই লাখ মানুষের ওপর একটি বৃহৎ গবেষণামূলক ট্রায়াল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিআর




Comments