Image description

নিখোঁজ হওয়ার চার দিন পর কুমিল্লার লালমাই উপজেলায় ধানক্ষেতের পাশ থেকে জান্নাতুত তাজমীন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত জান্নাতুত তাজমীন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা আব্দুল আলীম রেনেটা পিএলসির কুমিল্লা অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম)। তাঁদের স্থায়ী ঠিকানা যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকায় হলেও দীর্ঘদিন ধরে তাঁরা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর সকাল ৮টার দিকে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তাজমীন। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিহতের বাবা আব্দুল আলীম জানান, নিখোঁজের পর গভীর রাতে রাত ২টা ৫৮ মিনিটে মেয়ের মোবাইল নম্বর থেকে একটি কল আসে। ফোন রিসিভ করতেই তাজমীন কান্নাকাটি করে জানায়, তাকে কোথাও আটকে রাখা হয়েছে। সে দ্রুত তাকে উদ্ধারের আকুতিও জানায়। তবে সে ঠিক কোথায় ছিল, তা জানাতে পারেনি। এর পরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামে একটি ধানক্ষেতের পাশে স্থানীয়রা এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশাও পড়ে ছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লালমাই থানায় গিয়ে মরদেহটি তাজমীনের বলে শনাক্ত করেন।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পাওয়া সিএনজিচালিত অটোরিকশাটির মালিক ও চালকের পরিচয় শনাক্তের পাশাপাশি তাজমীনের মৃত্যুর সঙ্গে অটোরিকশাটির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রেসকোর্স এলাকার বাসা থেকে বের হওয়ার পর তাজমীন কীভাবে এবং কার সঙ্গে লালমাইয়ের জগতপুরে পৌঁছাল, তা জানতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছে পুলিশ।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং প্রযুক্তিগত তদন্তের ফলাফল পাওয়ার পরই তাজমীনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এসএ