Image description

সমাজে পিছিয়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী এমপি।

শনিবার (১০ অক্টোবর) ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির ও সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনি।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও  উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের জীবনমান উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। হুইলচেয়ার প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে সহায়তা করবে। অন্যদিকে, সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে হতদরিদ্র নারীরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি সুবিধাভোগীদের হাতে হুইলচেয়ার ও সেলাই মেশিন তুলে দেন। এ উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ডিআর