লেখক ও কথাসাহিত্যিক মাওলানা লিয়াকত আলী
‘সাহিত্য আন্দোলন কওমি সমাজকে এগিয়ে নিচ্ছে’
কওমি লেখকদের লেখালেখি আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বরেণ্য লেখক ও কথাসাহিত্যিক, দারুর রাশাদ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা লিয়াকত আলী। তিনি বলেন, কওমি লেখকদের লেখালেখিতে অনেক উন্নতি হয়েছে। লিটলম্যাগ, বিভিন্ন বিষয়ের পুস্তক ও সাহিত্য আন্দোলন এ সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে বাদ এশা রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামী বইমেলার লিটলম্যাগ চত্বরে শীলন বাংলাদেশের আয়োজনে ১২৩তম সাহিত্যসভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচনা উপস্থাপন করেন কবি ও শিশুসাহিত্যিক মুনীরুল ইসলাম। পাঠ করা লেখাগুলোর ওপর বিশ্লেষণধর্মী আলোচনা করতে গিয়ে তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কবিতায় ছন্দের বৈচিত্র্য ও যথাযথ প্রয়োগের দিকে লেখকদের মনোযোগী হতে হবে।
সাহিত্যসভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাওলানা মাসউদু কাদির। তিনি বলেন, শীলনের ১২৩তম সাহিত্য আড্ডায় যারা লেখা পাঠ করেছেন এবং সঙ্গ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। সাহিত্যসভার সঙ্গে পাঠচক্রকেও সম্পৃক্ত করতে চান তাঁরা। আগামী দিনগুলোতে লেখকেরা নিজেদের লেখা নিয়ে উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে লেখা পাঠে অংশ নেন কবি সায়ীদ উসমান, মিজানুর রহমান জামীল ও নাজমুল হুদা মজনসহ অন্যরা।




Comments