শহীদ শরীফ ওসমান হাদির কবরের জায়গা নিয়ে প্রশ্ন তোলায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সমালোচনা করেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। নুরের রাজনৈতিক অবস্থান ও কৃতজ্ঞতাবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন মাদানী।
স্ট্যাটাসে মাদানী জানান, নুরুল হক নুরের সঙ্গে তাঁর পরিচয় ও যোগাযোগ ২০১৯-২০ সাল থেকে। তাঁদের একাধিকবার কথা হয়েছে। নুরের সঙ্গে মোদিবিরোধী আন্দোলনেও অংশ নিয়েছিলেন তিনি। অন্যদিকে, হাদির সঙ্গে আন্দোলনে দেখা ও কথা হলেও তাঁর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছিল না বলে উল্লেখ করেন মাদানী।
তবে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে আদর্শ, দেশের মানুষের প্রতি ভালোবাসা ও সত্যের পক্ষে অবস্থানকে বেশি গুরুত্ব দেন বলে জানান তিনি। এ কারণেই নুরের সঙ্গে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও হাদির কবরের জায়গা নিয়ে তাঁর বক্তব্যের প্রতিবাদ করেছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন মাদানী।
তিনি লেখেন, দেশের ও সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে অল্প বয়সে জীবন দিয়েছেন হাদি। এমনকি বর্তমানে যিনি তাঁর কবরের জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন, সেই নুরের দুর্দিনেও হাদি তাঁর পক্ষে প্রতিবাদ করেছিলেন।
নুরের ‘হু ইজ হাদি?’ প্রশ্নের জবাবে মাদানী লেখেন, হাদি দেশপ্রেমিক তরুণদের জাগিয়ে তোলার প্রতীক, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন তারুণ্যের প্রতীক। কৃষক, শ্রমিক, আলেম-ওলামা ও দিনমজুরের দুঃখ-দুর্দশার বিষয়ও হাদির বক্তব্য ও অবস্থানের সঙ্গে যুক্ত করেন তিনি।
স্ট্যাটাসে নুরের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে মাদানী বলেন, একসময় মানুষ নুরকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবত। কিন্তু বর্তমানে নুরের রাজনৈতিক অবস্থান নিয়ে তাঁর দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও হতাশা তৈরি হয়েছে।
নুরুল হক নুর ও রাশেদ খানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাদানী। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কায় কিছু স্পর্শকাতর বক্তব্য অন্যরা সরাসরি না দিয়ে তাঁদের দিয়ে বলাচ্ছেন। অর্থ ও ক্ষমতার মোহে তাঁরা এমন বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে মাদানী বলেন, ক্ষমতা ও অর্থ সাময়িক। মানুষের জন্য কথা বলা এবং প্রয়োজনে রাজপথে দাঁড়ানোর মধ্য দিয়েই মানুষের ভালোবাসা অর্জন করা যায়। হাদি নিজের জীবন দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছেন, আর ক্ষমতার মোহে নুর সেই ভালোবাসা হারানোর ঝুঁকিতে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে শহীদ শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন নুরুল হক নুর।
টকশোতে নুর বলেন, ‘নজরুলের পাশে হাদিকে সমাহিত করা উচিত হয়নি। আজ থেকে পাঁচ বা ১০ বছর পর মানুষ প্রশ্ন তুলতে পারে, “হু ইজ হাদি? জাতির জন্য তার অবদান কী?” রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হাদিকে জাতীয় কবির পাশে নিয়ে আসল। না, না, এটা উচিত হয়নি।’
নুরের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে স্ট্যাটাস দেন রফিকুল ইসলাম মাদানী।
এনএ




Comments