ভালুকায় ফিশারিতে সাঁতার কাটতে নেমে ১১ বছরের শিশুর মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় বাড়ির পাশের মাছের ফিশারিতে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে উদয় (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু উদয় স্থানীয় নাসির মডেল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং কড়ইতলী এলাকার শফিকুল ইসলামের একমাত্র ছেলে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ির পাশে অবস্থিত স্থানীয় সাদেকের মাছের ফিশারিতে কয়েকজনের সাথে সাঁতার কাটতে নামে শিশু উদয়। সাঁতার কাটার একপর্যায়ে সে হঠাৎ গভীরে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে সাথের শিশু ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় আধা ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ফিশারির পানি থেকে উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় হবিরবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান মাসুদ শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি শিশুদের পানিতে নামার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন থাকার এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
এদিকে, চোখের সামনে একমাত্র কন্যাসন্তান বা একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে পরিবারটিতে চলছে হৃদয়বিদারক শোকের মাতম। নিষ্পাপ এই শিশুটির অকাল মৃত্যুতে পুরো কড়ইতলী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিআর




Comments