Image description

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। অস্ত্রটি উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ষাটনল এলাকার সটাকি লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন স্পিডবোটডুবি ও শটগান নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় স্পিডবোটটি নদীতে ডুবে যায়। এ সময় পুলিশের একটি শটগান নদীতে পড়ে নিখোঁজ হয়।

চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শটগানটি উদ্ধারে ডুবুরি দলের সদস্যরা কাজ করছেন।

এসএ