পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আটক
পেশোয়ারে ১৪৪ ধারা জারি
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা সোহেল আফ্রিদিসহ তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে পুলিশি হেফাজতে নিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ারে সাত দিনের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানা যায়, পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১১ অক্টোবর) মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ও তাঁর সহযোগীদের 'নিরাপত্তার স্বার্থে' হেফাজতে নেওয়া হয়েছে। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা না থাকলে ছেড়ে দেওয়া হবে।
এদিকে সোমবার (১২ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি এক বিবৃতিতে বলেন, 'সাবেক মুখ্যমন্ত্রী' সোহেল আফ্রিদিকে সুরক্ষার স্বার্থেই হেফাজতে রাখা হয়েছে এবং তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন।
অন্যদিকে সার্বিক পরিস্থিতির অবনতি ও উচ্চ নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে সোমবার প্রশাসন থেকে একটি জরুরি নির্দেশনামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে পেশোয়ারে আগামী সাত দিনের জন্য ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুত্বপূর্ণ সংবেদনশীল স্থাপনা ও প্রধান মহাসড়কগুলোর আশপাশে 'বিপদের' আশঙ্কা সৃষ্টি হওয়ায় বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, সভা-সমাবেশ, এমনকি প্রকাশ্যে যেকোনো ধরনের অস্ত্র প্রদর্শন বা বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দুষ্কৃতকারীরা কোনো ধরনের মিছিল বা সমাবেশের সুযোগ নিয়ে বড় ধরনের হামলা চালাতে পারে—এমন আশঙ্কা থেকেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।
ডিআর




Comments