রাজধানীর পুরান ঢাকার ব্যস্ততম এলাকা চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের একটি সাততলা ভবনের ষষ্ঠ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনবসতিপূর্ণ ও সরু গলি হওয়ায় এবং ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া জমে থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ওই ভবনে আগুন লাগার প্রথম সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট পাঠানো হলেও পরিস্থিতি জটিল আকার ধারণ করায় এবং মুহূর্তের মধ্যে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ায় একে একে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, ভবনটির ষষ্ঠ তলার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করা এবং পাশের ভবনে বিস্তার লাভ করা আগুন নেভাতে বেশ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা ভেতরে কেউ আটকা পড়ে হতাহত হয়েছেন কি না—সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করছেন এবং লোকজনকে দূরে সরিয়ে রাখছেন।
ডিআর




Comments