বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে আরও ১ কোটি ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি না করে সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ।
উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফের প্রধান ভিক্টর মন্টাগলিয়ানি যৌথভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো চিঠিতে ফিফার নিজস্ব তহবিল থেকে ২০০ কোটি ডলারের বেশি অর্থ সদস্য দেশগুলোর মধ্যে বিতরণের আহ্বান জানিয়েছেন।
প্রস্তাব অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ১ কোটি ডলার করে দেওয়া হবে। সেই হিসাবে বাংলাদেশও পাবে ১ কোটি ডলার। পাশাপাশি ছয়টি মহাদেশীয় কনফেডারেশনকে ৩ কোটি ৬০ লাখ ডলার এবং আঞ্চলিক সংস্থাগুলোকে ৩০ লাখ ডলার করে দেওয়ার প্রস্তাব রয়েছে।
উয়েফা ও কনকাকাফের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত অর্থ বিতরণের পরও ফিফার হাতে প্রায় ২৬০ কোটি ডলারের নগদ রিজার্ভ থাকবে।
ফিফা কাউন্সিলের সদস্যদের সঙ্গে যথাযথ আলোচনা না করেই এমন পরিকল্পনা নেওয়ায় ইনফান্তিনোর সমালোচনা করেছেন কনফেডারেশন প্রধানেরা। তাদের মতে, ফিফার হাতে থাকা অর্থ থেকেই সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে বাড়তি সহায়তা দেওয়া সম্ভব। সে জন্য বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি করার প্রয়োজন নেই।
এসএস




Comments