ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট ব্যাহত, অনিশ্চয়তায় ৯ হাজারের বেশি যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের সাম্প্রতিক হামলার পর নিরাপত্তার স্বার্থে জারি করা কঠোর বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় এয়ারলাইন্সের মোট ৬১টি ফ্লাইট মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন ৯ হাজার দুই শতাধিক বিমানযাত্রী।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতির কারণে এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৬১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ২২টি এবং ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৩৯টি।
সরাসরি ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে-
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৯টি
ইউএস-বাংলা এয়ারলাইন্স: ২টি
সৌদিয়া এয়ারলাইন্স: ৪টি
রিয়াদ এয়ারওয়েজ: ৭টি
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর ফ্লাইট। ক্ষতিগ্রস্ত ট্রানজিট ফ্লাইটগুলোর তালিকা নিচে দেওয়া হলো-
ইন্ডিগো এয়ারলাইন্স: ১৬টি
এমিরেটস এয়ারলাইন্স: ৯টি
কাতার এয়ারওয়েজ: ৫টি
ফ্লাই দুবাই: ৫টি
সালাম এয়ার: ৩টি
ইজিপ্ট এয়ার: ১টি
বেবিচক জানিয়েছে, এসব ফ্লাইট হঠাৎ বাতিল ও স্থগিত হওয়ার কারণে সবমিলিয়ে ৯ হাজার ২৬৯ জন যাত্রী চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুততম সময়ে ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিআর




Comments