আজারবাইজানে স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের হিজাব পরার ওপর পরোক্ষ নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সরকারের নতুন পোশাকবিধির দোহাই দিয়ে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরিহিত শিক্ষার্থী ও শিক্ষকদের ক্লাসে প্রবেশে বাধা দেওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।
সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাস হওয়া নতুন সংশোধনীতে সরাসরি 'হিজাব' শব্দটি নিষিদ্ধ করা না হলেও সরকারের ভাষ্য অনুযায়ী ‘ধর্মনিরপেক্ষতার নীতি’ লঙ্ঘন করে—এমন যেকোনো ধর্মীয় পোশাক বা প্রতীক শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আজারবাইজানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য দেশের ধর্মনিরপেক্ষ নীতি ও পেশাগত মান অক্ষুণ্ন রাখতে অভিন্ন এই পোশাকবিধি বাধ্যতামূলক করা হয়েছে।
তবে এই নতুন নিয়মের ফলে মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছেন হিজাব পরা শিক্ষার্থী ও শিক্ষিকারা। জাহরা হাসানোভা নামের এক শিক্ষিকা আলজাজিরাকে আক্ষেপ করে বলেন, "স্কুলে আর হিজাব পরে আসার সুযোগ নেই বলে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। হিজাব পরা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়, এটি অন্য কেউ নির্ধারণ করে দিতে পারে না।"
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, হিজাব পরার কারণে শ্রেণিকক্ষে ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়েছে শিক্ষার্থীরা। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বিতর্কিত এই সিদ্ধান্তের প্রতিবাদে অন্তত দুটি স্কুলের শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্লাস বর্জন করেছে।
শুধু রাজপথ বা স্কুলেই নয়, প্রতিবাদ পৌঁছে গেছে কারাগারেও। রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডিত কারাবন্দি সাংবাদিক পোলাদ আসলানভ সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে জেলখানায় আমরণ অনশন শুরু করেছেন। অন্যদিকে প্রতিবেশী দেশ তুরস্কেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ও কনস্যুলেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ১৯৯৭ সালে তুরস্কে সংঘটিত ‘উত্তরাধুনিক অভ্যুত্থান’-এর মতো আজারবাইজানেও নারীদের ধর্মীয় স্বাধীনতায় আঘাত করা হচ্ছে বলে দাবি করছেন আন্দোলনকারীরা।
যদিও এসব বাহ্যিক ও অভ্যন্তরীণ সমালোচনার মুখে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোনো দেশেরই উচিত হবে না আজারবাইজানের অভ্যন্তরীণ জীবনযাপনের ধরণ বা সরকারি নীতিতে হস্তক্ষেপ করা। উল্লেখ্য, প্রায় ৯৬ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর দেশ আজারবাইজান সংবিধানে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃত।
ডিআর




Comments