জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জিহাদ হাসান জয় (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের রানুর চাতাল এলাকায় ওমর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জিহাদ হাসান জয় ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি গ্রামের জাইদুল ইসলামের ছেলে। তিনি এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন জিহাদ। পথে রানুর চাতাল এলাকায় ওমর তেলের পাম্পের সামনে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় মোটরসাইকেলসহ ছিটকে পড়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। এতে বুকে গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, “সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোটরসাইকেল চালানোর সময় চালকদের সতর্ক থাকতে হবে। অতিরিক্ত গতি এড়িয়ে চলা, ট্রাফিক আইন মেনে চলা এবং হেলমেট ব্যবহার করা জরুরি। সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনা ও প্রাণহানির কারণ হতে পারে।”
এসএ




Comments