শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬১টি পূজামণ্ডপে মোট ৩৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০০ কেজি করে চাল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় ও চাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট মন্দির ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে বরাদ্দের চালের কাগজপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ. এস. এম. শাহাদাত হোসেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোহসীন আলী এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সাহারা বানু।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং পূজামণ্ডপ ও মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার। বরাদ্দ দেওয়া চাল শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোর সহায়তায় ব্যবহার করা হবে।
এসএ




Comments