সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আগামী শনিবার পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দেশটির অধিকাংশ এলাকায় বিভিন্ন মাত্রার বজ্রঝড় হতে পারে। এসব ঝড়ের সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টিপাত, প্রবল নিম্নমুখী বায়ুপ্রবাহ ও ধুলাবালির সৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যার ঝুঁকিও রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মদিনা, তাবুক, আল-জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল ও নাজরানের কিছু এলাকায় এবং রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের দক্ষিণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পবিত্র নগরী মক্কা ও তায়েফসহ আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়া মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেদ্দা, রাবিঘ ও খুলাইসে হালকা বৃষ্টি হতে পারে। আল-লিথ ও আল-কুনফুদা এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, ঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে ধুলা ও বালু উড়ে দৃশ্যমানতা কমে যেতে পারে। পাশাপাশি আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও উপকূলীয় এলাকায় উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে। অতিবৃষ্টিপ্রবণ কিছু এলাকায় টর্নেডো কিংবা জলস্তম্ভ তৈরির আশঙ্কাও রয়েছে।
প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে নতুন পূর্বাভাস ও সতর্কতা প্রকাশ করা হবে।
এ পরিস্থিতিতে বাসিন্দা ও গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। একই সঙ্গে কেন্দ্রটির ওয়েবসাইট, আনওয়া আবহাওয়া অ্যাপ এবং যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত সরকারি পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করতে বলা হয়েছে।




Comments