Image description

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই রাশিয়া থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের আশ্বাসে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। প্রায় এক সপ্তাহ পর আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৩৫ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলার ৪৯ সেন্টে দাঁড়ায়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্ববাজারে অতিরিক্ত ডিজেল সরবরাহে রাশিয়া সম্মত হয়েছে। একই সময়ে রাশিয়ার জ্বালানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, রাশিয়া থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহ শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট কিছুটা কমতে পারে। এর প্রভাবেই তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো তেলের বাজারে বড় উদ্বেগের কারণ হয়ে আছে। সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল ঘিরে ঝুঁকির কারণে ওই অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, রাশিয়া থেকে ডিজেল সরবরাহের আশ্বাস বাজারে সাময়িক স্বস্তি এনেছে। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানো না গেলে তেলের দাম আবারও বাড়তে পারে।

এসএস