Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে গরু ভোজের আয়োজন করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্যাম্পাসে এ আয়োজনের কথা জানানো হয়েছে। এতে অংশ নিতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।

বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা এবং জবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ পোস্টটি শেয়ার করেছেন। তাঁদের ফেসবুক পোস্টে নিবন্ধনের জন্য গুগল ফরমের লিংকও দেওয়া হয়েছে।

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খানের সই করা বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত নৈশভোজে গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কের সূত্রপাত হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভও করেন তাঁরা।

ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রশাসনের এ নির্দেশনার পরই নিষেধাজ্ঞার প্রতিবাদে গরু ভোজের কর্মসূচি ঘোষণার বিষয়টি সামনে আসে।

এনএ