Image description

চ্যাম্পিয়নস লিগে রোমার মাঠে রোমাঞ্চকর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ ৮ মিনিটে তিন গোল করে বুধবার রোমাকে ৪-৩ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের ২০ মিনিটে ২৫ গজ দূর থেকে দারুণ শটে রোমাকে এগিয়ে দেন মার্তেন দে রুন। পাঁচ মিনিট পর রোমার ভুলের সুযোগ নিয়ে সমতায় ফেরে রিয়াল। মারিও এরমোসোর ভুলে বল পেয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

রিয়ালের হয়ে গোলটি ছিল বিশেষ। ম্যাচটি ছিল চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের ১০০তম। ২৭ বছর বয়সে এই মাইলফলকে পৌঁছে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে এটি ছিল টুর্নামেন্টে তার ৭২তম গোল, যার মাধ্যমে রিয়ালের কিংবদন্তি রাউল গনজালেসকে ছাড়িয়ে সর্বকালের গোলদাতাদের তালিকায় সেরা পাঁচে উঠে আসেন এমবাপ্পে।

বিরতির পর অবশ্য আবার এগিয়ে যায় রোমা। বদলি হিসেবে নামা রদ্রিগো মোরা বল বাড়ান ডনিয়েল মালেনকে। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণ করে দ্বিতীয় ছোঁয়ায় কোর্তোয়াকে পরাস্ত করেন মালেন।

ছয় মিনিট পর আবারও গোল করেন মালেন। থ্রু বল ধরে জোরালো শটে বল জালে পাঠান তিনি। শুরুতে অফসাইডের সিদ্ধান্ত দেওয়া হলেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বহাল থাকে। রিয়ালের হয়ে এমবাপ্পের একটি গোলও অফসাইডের কারণে বাতিল হয়।

ম্যাচের শেষ দিকে বদলে যায় পুরো চিত্র। কর্নার থেকে ফিরে আসা বলে কাছ থেকে গোল করে ব্যবধান কমান কার্লোস এসপি। দুই মিনিট পর আরেক কর্নার থেকে হেডে গোল করে ম্যাচ ৩-৩ করেন এন্ড্রিক।

এরপর ৯০তম মিনিটে রোমার সাবেক ডিফেন্ডার আন্তোনিও রুডিগার কাছ থেকে বল জালে পাঠিয়ে রিয়ালকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিশ্চিত করে সফরকারীরা।

ম্যাচের আগে রোমার সমর্থকেরা সাবেক কোচ জোসে মরিনিওকে ব্যানার ও স্লোগানে সম্মান জানান। রোমার দায়িত্বে আড়াই বছরে তিনি দলটিকে উয়েফা কনফারেন্স লিগের শিরোপা এনে দিয়েছিলেন এবং ইউরোপা লিগের ফাইনালেও তুলেছিলেন।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে দুই ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়াল ৬। অন্যদিকে রোমার সংগ্রহ ১ পয়েন্ট।

এসএস