প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আবারো আজ বৃহস্পতিবার থেকে সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন নামে দুই সংগঠন।
অবরোধের সমর্থনে সাজেক বাঘাইহাট সড়কের কয়েকটি জায়গায় সকাল থেকে রাস্তা টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালনের পর প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সশস্ত্র জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। ওই আশ্বাসের ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য ঘোষিত অবরোধ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়। তবে নির্ধারিত সময় পার হলেও দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় পুনরায় অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে নেতাদের দাবি, মাচালং এলাকার থালুকছড়া, চিল্যাতলী, নোয়াপাড়া, লালাবাক ও উজোয়াছড়ি এলাকায় সশস্ত্র তৎপরতা চলছে। এতে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
তবে অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে অবরোধে অপ্রীতিকর ঘটনায় এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এসএ




Comments