Image description

রাজধানীর বিভিন্ন সেবাখাত, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার সার্বিক ব্যবস্থাপনা সরেজমিন তদারকি করতে মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে রাজধানীর ১৩টি গুরুত্বপূর্ণ স্পট আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত এই ঝটিকা সফর পরিচালনা করেন তিনি। পরিদর্শনের সময় বিভিন্ন স্থানে সেবার মান ও পরিচ্ছন্নতার ঘাটতি দেখে ক্ষোভ প্রকাশ এবং সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

যেসব স্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
শনিবার সকালে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনের মধ্য দিয়ে এই ঝটিকা সফর শুরু হয়। এরপর ক্রমান্বয়ে তিনি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এবং সরকারি বাংলা কলেজ ঘুরে দেখেন।

দুপুরের দিকে তিনি আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। সফরের একপর্যায়ে প্রধানমন্ত্রী তাঁর নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে উপস্থিত হন এবং সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়ে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে ও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

পরবর্তীতে তিনি ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিদর্শন করেন। এছাড়া মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাত পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

আকস্মিক এই পরিদর্শনের সময় বেশ কিছু প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আজিমপুর সরকারি কোয়ার্টারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়। এর আগে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিবেশ উন্নয়নে কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন তিনি।

পরিদর্শনের সময় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের ব্যক্তিগত কক্ষে গিয়ে তাঁকে ধূমপানরত অবস্থায় দেখতে পান প্রধানমন্ত্রী। কক্ষটি অত্যন্ত অপরিচ্ছন্ন থাকায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে কর্তৃপক্ষের আদেশে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।

সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। নাগরিক সেবা নিশ্চিত করা এবং ডেঙ্গুসহ জনস্বাস্থ্য রক্ষায় চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করার আহ্বান জানান তিনি।

ডিআর