Image description

ভারতের মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা অজয় দেবগন ও তাঁর মায়ের মালিকানাধীন একটি বিলাসবহুল বাংলোর অবৈধ অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৃহৎ মুম্বাই পৌরসংস্থা (বিএমসি)। কোনো ধরনের বৈধ অনুমোদন বা অনুমতি ছাড়াই সেখানে অবৈধ নির্মাণকাজ চালানোর অভিযোগে গত ১২ অক্টোবর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে নগর কর্তৃপক্ষ।

বিএমসি সূত্রে জানা যায়, এর আগে গত সেপ্টেম্বর মাসে ওই বাংলোতে অননুমোদিত কাজ চলতে দেখে তা বন্ধ রাখতে এবং প্রয়োজনীয় অনুমোদনের নথিপত্র দেখাতে নির্দেশ দিয়ে একটি নোটিশ পাঠিয়েছিল মিউনিসিপ্যাল করপোরেশন। মালিকপক্ষ নোটিশের জবাব দিলেও সন্তোষজনক ও বৈধ নথিপত্র দাখিল করতে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর বিএমসি কর্তৃপক্ষ সেই জবাব আনুষ্ঠানিকভাবে খারিজ করে দেয় এবং শেষ পর্যন্ত অবৈধ স্থাপনা ও বর্ধিত অংশটুকু ভেঙে ফেলে।

জানা গেছে, প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুটের এই বিলাসবহুল বাংলোটি সম্প্রতি একটি সেলুন সংস্থাকে পাঁচ বছরের চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট হাউজিং সোসাইটি সেখানে সেলুন খোলার প্রাথমিক অনুমতি দিলেও বাড়ির ভেতরের কাঠামোগত কোনো পরিবর্তন করা কিংবা আবাসিক ভবনটিকে বাণিজ্যিক রূপ দেওয়ার কোনো অনুমতি দেয়নি। মূলত অনুমতি ছাড়াই কাঠামোগত পরিবর্তন ও অতিরিক্ত নির্মাণকাজের জন্যই এই আইনি পদক্ষেপ নেয় বিএমসি।

এদিকে পেশাগত জীবনে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন অভিনেতা অজয় দেবগন। চলতি বছর তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে এবং সামনে তাঁর আরও কয়েকটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

ডিআর