Image description

সৌদি আরবে অপকর্মের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে বাংলাদেশের জন্য একটি ‘বড় শিক্ষা’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিদেশে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন-কানুন কঠোরভাবে মেনে চলার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশ সরকারকে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে ইতোমধ্যে রিয়াদের সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকা।

শামা ওবায়েদ বলেন, “অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, সৌদি আরবের একটি নিজস্ব কঠোর আইনি কাঠামো রয়েছে। সেই দেশের আইন অনুযায়ী কেউ যদি গুরুতর বা গর্হিত অপরাধ করে, তবে বিচার বিভাগ সেই অনুযায়ী কঠোর ব্যবস্থা নিয়ে থাকে।”

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে প্রতিমন্ত্রী জানান, অভিযুক্ত দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক বা ব্যভিচারের মতো গুরুতর অপরাধে লিপ্ত ছিলেন—যা সৌদি আইনে অত্যন্ত গর্হিত ও ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনের শামিল। ওই দেশের আইন ও বিচার ব্যবস্থার আলোকেই আদালত এই কঠোর সাজা প্রদান করেছেন।

তবে সাজাপ্রাপ্তদের পরিচয় ও বিস্তারিত তথ্য জানতে সরকার অফিশিয়ালি উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। প্রবাসীদের প্রতি দেশের ভাবমূর্তি বজায় রেখে অনুকরণীয় আচরণ ও স্থানীয় আইন মেনে চলার ওপর বিশেষ জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ডিআর