Image description

সৌদি আরবের চলমান হামলা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি পাওয়া সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করা হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে যাত্রীরা এ দুই বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা করছে বিমান। এ ব্যবস্থা রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত বহাল থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে।

অন্যদিকে, যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

ফ্লাইটের সময়সূচি, টিকিট ও বুকিংসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এনএ