Image description

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় রিসোর্টের মালিক তানভীর, ম্যানেজার সুমনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আগে আটক রিসোর্টের ম্যানেজার সুমনকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাতে উখিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

ওসি জানান, শনিবার বিকেলে আটক রিসোর্টের ম্যানেজার সুমনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৮ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসনের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে।

উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ পর্যটকের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থা, সম্ভাব্য অবহেলা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণ এবং ঘটনায় দায়ীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে।

এসএ