সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও সমাবেশ
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনে এবং বেলা সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার প্রেসক্লাব মোড় এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
নেত্রকোনা শহরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর কিবরিয়া চৌধুরী।
আধাঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক সঞ্জয় সরকার, শফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সমন্বয়ক প্রীতম সোহাগ, মির্জা হৃদয় সাগর, আজাদ ইমরান শরিফ, গোলাম কিবরিয়া সোহেল, আবুল কালাম ও সোহেল খানসহ অনেকে।
অন্যদিকে, দুর্গাপুরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দুর্গাপুর প্রেসক্লাবের সহসভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. মোহন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ।
এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও নির্মলেন্দু সরকার, সাংবাদিক কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী, সাইফুল আরিফ জুয়েল, রাকিবুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ শামছুল হক, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈকত সরকার এবং ৭১ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি রাজেশ গৌড়সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। হত্যার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
বক্তারা আরও বলেন, নিহত সাংবাদিক আলিফের দুটি ছোট সন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এ অবস্থায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের ভরণপোষণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
দুর্গাপুরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ।
এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ খান বলেন, আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএ




Comments