Image description

দিনাজপুর শহরে পৃথক দুটি স্থানে ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানকালে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি ট্রাভেল ব্যাগ, নগদ ৪০ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডসংলগ্ন সিপাহিপাড়া ঢাকাইয়া পট্টি লাইনপাড় এলাকার সোহেল রানা এবং তাঁর স্ত্রী লাকি।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএমের সরাসরি নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শহরের পৃথক দুটি স্থানে এই অভিযান পরিচালনা করে। সফল অভিযানে ওই দম্পতিকে গ্রেপ্তার করার পাশাপাশি বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ও আনুষঙ্গিক আলামত জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক সেবন থেকে শুরু করে কেনাবেচা পর্যন্ত প্রতিটি পর্যায়ে দায়ীত্বশীল ভূমিকা পালন করতে পুলিশ বদ্ধপরিকর। মাদকবিরোধী কার্যক্রমে এলাকাবাসীকে সম্পৃক্ত করে মসজিদ কমিটি, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দিনাজপুরকে মাদকের বিস্তার থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।

ডিআর