Image description

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এবং তাঁর স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে দুদকের সমন্বিত চাঁদপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

দুদকের এজাহার সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নের ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ২০২৪ সালের ৪ নভেম্বর একটি অনুসন্ধানী দল গঠন করে দুদক।

অনুসন্ধান শেষে দেখা যায়, নয়নের ১ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৩২৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ এবং ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার ২৫৪ টাকার পারিবারিক ব্যয়ের তথ্য রয়েছে। অর্জিত সম্পদ ও ব্যয় মিলিয়ে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৫৭৯ টাকা। এর বিপরীতে তাঁর বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ১ কোটি ৯৩ লাখ ৬৭ হাজার ৯৩৭ টাকা। অর্থাৎ, তাঁর ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে সম্পূর্ণ অসংগতিপূর্ণ। সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব সম্পদ অর্জন করেছেন বলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অপর মামলায় নয়নের স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনার নামে ১ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৮৪০ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ এবং ২০ লাখ ৪ হাজার ৭৪৯ টাকার ব্যয়সহ মোট ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকার হিসাব পাওয়া গেছে।

তবে অনুসন্ধানে এই সম্পদ অর্জনের বিপরীতে লুবনার বৈধ কোনো আয়ের উৎসের প্রমাণ পাওয়া যায়নি। দুদকের অভিযোগ, লুবনার নামে থাকা সমস্ত সম্পদ বস্তুত স্বামী নয়নের অনিয়ম ও দুর্নীতির অবৈধ অর্থে অর্জিত। স্বামীর অপরাধে সহায়তা ও সম্পদ ভোগদখলে রাখার অপরাধে লুবনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ডিআর