কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রধান ফটকের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা, পেট্রোল ও সার্কিট উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে চলমান উৎসবের মধ্যেই এ ঘটনা ঘটে।
আখড়াবাড়িতে বর্তমানে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী আঞ্চলিক সাধুসঙ্গ ও লালন উৎসব চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে এক চায়ের দোকানদার একটি পরিত্যক্ত সাদা রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহবশত ব্যাগটি খুলতেই সেখানে লাল টেপে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু, দুই লিটারের একটি পেট্রোলের বোতল এবং দুটি ইলেকট্রনিক সার্কিট দেখতে পান।
তাত্ক্ষণিকভাবে বিষয়টি কুমারখালী থানা পুলিশ ও মেলা আয়োজক কমিটিকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পরপরই আখড়াবাড়ির মূল ফটক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে পুলিশ, র্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত হয়ে পুরো এলাকা কর্ডন করে রাখে। পরবর্তীতে ঢাকা থেকে আসা ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (SRU) বোম ডিসপোজাল টিমের সদস্যরা রাত আনুমানিক আড়াইটার দিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমা দুটি নিষ্ক্রিয় করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এ ঘটনার পর আখড়া বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কে বা কারা বোমাটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন রাত আড়াইটার দিকে বোম ডিসপোজাল টিম ডিএমপির এসআরইউ ইউনিটের সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছে।
ডিআর




Comments