খুলনায় যুবককে গুলি করে হত্যা
লাশের পাশেই পড়েছিল তার মোটরসাইকেল
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তাঁর লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে নিহত তুষারের লাশের পাশে তাঁর ব্যবহৃত একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন (আর-১৫) মোটরসাইকেল পড়ে ছিল।
নিহত তুষার নগরীর জিন্নাহপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি পলাশের সহযোগী বলে পুলিশ জানিয়েছে। তাঁর বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেলে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, নিহত তুষার নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি পলাশের অন্যতম সহযোগী। তাঁর বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় শনাক্তসহ তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিহত তুষারের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
এসএ




Comments