সাতটি রাজনৈতিক দল নিয়ে ‘সমমনা ইসলামী দল’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের পর ১১ দলীয় ঐক্যজোটে ভাঙনের গুঞ্জন উঠেছে। তবে এ গুঞ্জনকে প্রোপাগান্ডা আখ্যা দিয়ে জোটে ভাঙনের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা হামিদুর রহমান আযাদ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সরকার জনগণের গণরায় উপেক্ষা করে সংসদীয় গণতন্ত্রের ওপর আঘাত করেছে। সংবিধান সংশোধন কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও দাবি করেন তিনি।
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিএনপি ক্ষমতায় এসেছে। অথচ জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে মিথ্যাচার করা হচ্ছে।
দেশে দুর্নীতি বেড়েছে অভিযোগ করে আযাদ বলেন, এখন প্রতিযোগিতার ভিত্তিতে দুর্নীতি হচ্ছে। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ করা হলে সরকারের পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
১১ দলীয় ঐক্যে ভাঙনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আযাদ বলেন, এ ধরনের কোনো বিষয় নেই। এ নিয়ে প্রচারিত তথ্য প্রোপাগান্ডা। গণভোটের রায় বাস্তবায়নসহ চলমান আন্দোলন কর্মসূচিতে সব দল ঐক্যবদ্ধ থাকবে।
এর আগে বৃহস্পতিবার কওমি মাদ্রাসাকেন্দ্রিক সাতটি রাজনৈতিক দলের বৈঠক শেষে হেফাজতে ইসলামের মহাসচিব নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন। তিনি জানান, দলগুলো বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন জোটে ঐক্যবদ্ধ হবে। এ ঘোষণার পর ১১ দলীয় ঐক্যজোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত দলগুলোর নেতারাও উপস্থিত ছিলেন।
এনএ




Comments