তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
তত্ত্বাবধায়ক সরকার গঠনের সম্ভাব্য কাঠামো নিয়ে জাতীয় সংসদে সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি।
শনিবার (২৪ অক্টোবর) বৈঠক শেষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, উচ্চকক্ষ গঠিত হলে সংসদ বিলুপ্ত হওয়ার পরও সেটি বহাল রাখার মাধ্যমে সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের প্রস্তাব এসেছে।
তিনি বলেন, উচ্চকক্ষে উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি করে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে। এছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ধারণাও দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের গঠনপ্রক্রিয়া ও কর্মপরিধি নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব পাওয়া যায়নি। আলোচনায় পাওয়া বিভিন্ন মতামত পর্যালোচনা করে কমিটি প্রতিবেদন তৈরি করবে।
তিনি জানান, বিচার বিভাগকে বাইরে রেখে এবং রাষ্ট্রপতির সর্বশেষ বিকল্পটি বাদ দিয়ে কীভাবে সবার ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। কমিটি চায় সমঝোতা ও ঐকমত্যের ভিত্তিতে এ ব্যবস্থা গড়ে উঠুক।
বৈঠকে উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর ও নিম্নকক্ষের মেয়াদ চার বছর করা, বিচার বিভাগের পৃথক সচিবালয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং মৌলিক অধিকারের পরিধি বাড়ানোর বিষয়েও মতামত এসেছে।
এ ছাড়া নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে নিরপেক্ষ বাছাই কমিটি, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট এবং সংসদীয় কমিটির ক্ষমতা বাড়ানোর প্রস্তাবও আলোচনায় এসেছে।
এসএস




Comments