Image description

রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মুখ খুলেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তার ধারণা, তাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে, তবে দুর্বৃত্তদের লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না তিনি। এতে কেউ হতাহত হননি।

বিকেলে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে আসিফ আকবর বলেন, তিনি সুস্থ আছেন। পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষে বাসায় ফিরে বিশ্রাম নেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় গিয়ে কথা বলেন।

ঘটনার সময় নিজের কার্যালয়ে ছিলেন জানিয়ে এই সংগীতশিল্পী বলেন, সিসিটিভি ক্যামেরায় আশপাশের দৃশ্য দেখছিলেন তিনি। ভোর ৪টা ৫২ থেকে ৫৪ মিনিটের মধ্যে গুলির ঘটনা ঘটে। তার ধারণা, দুর্বৃত্তরা তার কার্যালয়ে আসা-যাওয়ার সময় সম্পর্কে জানত।

আসিফ আকবর বলেন, ‘তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরেই নিচে নামতাম।’

ঘটনার সময় সিসিটিভি ক্যামেরায় নিজের মতো দেখতে একজনকে হেঁটে যেতে দেখেছেন বলেও জানান তিনি। ওই ব্যক্তিকে তাকে ভেবে দুর্বৃত্তরা গুলি চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন এই গায়ক।

পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

 এসএস