রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার আলামত শনাক্ত হয়েছে। আগাম সতর্কতার অংশ হিসেবে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে সেখানে অন্তত দুটি স্থানে স্প্যাম ও ম্যালওয়্যারের চিহ্ন পাওয়া যায়। এতে ছুটি শেষে ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি পুনরায় চালু করা সম্ভব হয়নি।
ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়েবসাইটের দুটি স্থানে হামলার আলামত শনাক্ত হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আজকের মধ্যেই ওয়েবসাইটটি নিরাপদভাবে সচল করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য থাকায় এ বিষয়ে ব্যাংকটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত ১৯ অক্টোবর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। এরপর দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।
এর আগে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি (PHP)-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতে গত ২১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা (ENISA) ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথ সতর্কতা জারি করে।
সতর্কবার্তায় বলা হয়, এসব ত্রুটিকে কাজে লাগিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকেই ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা প্যাচ বা হালনাগাদ ইনস্টল করা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশন সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
এই সতর্কতার পরিপ্রেক্ষিতে বাড়তি নিরাপত্তার স্বার্থে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা সম্ভব হলেও ম্যালওয়্যার সংক্রমণ ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে জনতা ব্যাংকের ওয়েবসাইট এখনো বন্ধ রয়েছে।
ওয়েবসাইটের নিরাপত্তা পুনরুদ্ধার ও স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কাজ করছেন ব্যাংকটির আইটি বিভাগের কর্মীরা।
এসএ




Comments