Image description

সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের ৪৩টি পরিবারকে ১ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা শেষে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা। পরে তিনি দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতিনিধিদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মো. মাইনুল হক মানা এবং রাজশাহী ট্রাক-লরি-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মধুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।

সভা শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ সহায়তা দুর্ঘটনায় স্বজন হারানো ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে।

এসএ